‘দক্ষ নেতৃত্বে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব’
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আনোয়ার হোসেন বলেছেন, “ বিজ্ঞান ও প্রযুক্তির সুফল জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে কর্মকর্তা- কর্মচারীদের দক্ষতা ও কর্মস্পৃহা নিয়ে কাজ করতে হবে। দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠান ও রাষ্ট্রের চেহারা পাল্টে যায়।
৯টা ৫টা চাকুরি বড় কথা নয়। প্রতিদিন কি কাজ করলাম, কি অবদান রাখলাম, কোন কাজ অসমাপ্ত রাখলাম- সেগুলিই বিবেচ্য। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রতিটি কাজ টাইম-বাউন্ড করতে হবে।
কাজ করার যে সুযোগ, কাল তা নাও থাকতে পারে।” দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনের বিদায় লগ্নে মঙ্গলবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আয়োজিত এক বিদায়ী সভায় তিনি একথা বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী, বিসিএসআইআর এর চেয়ারম্যান ড. মোঃ আফতাব আলী শেখ, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মোজাম্মেল হক, বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান নভোখিয়েটারের মহাপরিচালক আব্দুর রাজ্জাক, এনআইবি এর মহাপরিচালক ড. মোঃ সলিমুল্লাহ, ব্যান্সডকের মহাপরিচালক মীর জহুরুল ইসলাম, বিআরআইসিএম এর মহাপরিচালক ড. মালা খান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সাবেক মহাপরিচালক স্বপন কুমার রায়।
উক্ত অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।